৬৫ শিশুর দেহে 'এইডস ছড়িয়ে' গ্রেপ্তার পাকিস্তানি চিকিৎসক

আপডেট : ০৩ মে ২০১৯, ১১:২৪ পিএম

এইচআইভি দূষিত সিরিঞ্জ ব্যবহার করে ৬৫ শিশুর শরীরে এইডস সংক্রমণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের এক চিকিৎসক। 

পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সরকারি হাসপাতালের চিকিৎসক মুজাফফর ঘাংরো নিজেও এইচআইভি সংক্রমিত।

ওই চিকিৎসক মোট ৯০ জনের শরীরে এইডস ছড়ানোর দায়ে অভিযুক্ত হন। 

লারকানার পুলিশ প্রধান কামরান নওয়াজ বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছি। আমাদের বলা হয়েছে তারও এইচআইভি রয়েছে।

গত সপ্তাহে লারকানার উপকণ্ঠে ১৮ শিশুর শরীরে এইচআইভি ধরা পড়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। এরপর স্বাস্থ্য বিভাগ বড় পরিসরে পরীক্ষা-নিরীক্ষা চালালে সংখ্যাটি কয়েক ডজন বেড়ে যায়।

একজন চিকিৎসকের কারণেই অন্তত ৯০ জনের দেহে এইচআইভি ছড়ানোর বিষয়টি বেরিয়ে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই চিকিৎসক জীবাণুযুক্ত সিরিঞ্জ ব্যবহার করেছেন বলে ধারণা তাদের।

এদিকে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক মুজাফফর ঘাংরো বলছেন, এটা তার বিরুদ্ধে সিন্ধু স্বাস্থ্য কমিশনের ‘ষড়যন্ত্র’।
নিজের এইচআইভি সংক্রমণ সম্পর্কে অবগত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, ২০০৬ সালে লাইসেন্সের মেয়াদ শেষ হলেও ১৩ বছর ধরে সরকারি হাসপাতালেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ডা. মুজাফফর ঘাংরো।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে এক লাখের বেশি এইচআইভি পজিটিভ লোক আছে বলে জানিয়েছেন সেখানকার এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তা সিকান্দার মেমন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত