রাজধানীর রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই হাতিকে জাতীয় চিড়িয়াখানায় পাঠিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
একই সঙ্গে হাতির দুই মালিক শাহীন (২৫) ও হেলালকে (২২) দুই বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বিদেশি পর্যটকের গাড়িসহ অন্য গাড়ি থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চাঁদাবাজি করায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়, র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তারা কারওয়ান বাজারের হোটেল সুপার স্টারের সামনের রাস্তায় দুই ব্যক্তিকে দুটি হাতি দিয়ে চাঁদা দাবি করতে দেখেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় বিদেশি পর্যটকেরা ভয়ে আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য পুলিশ পুলিশ বলে চিৎকার করছিল। এ অবস্থা দেখে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব-২ এর অফিসাররা হাতির মালিককে রাস্তা ছেড়ে পাশে অবস্থান করতে আদেশ দেন। কিন্তু হাতির মালিকরা তা অমান্য করে গাড়ির জটলার ভেতর দিয়ে রাস্তা অতিক্রমের চেষ্টা করে। এতে যাত্রী ও পথচারীদের মধ্যে ভীতি দেখা দেয়। এ সময় হাতি দুটিকে না থামিয়ে কারওয়ান বাজারের ভেতরে ঢুকে পড়ে দুই মাহুত।
র্যাব আরো জানায়, এ সময় চারটি প্রাইভেটকারের ক্ষতিসাধন করে তারা। সাধারণ জনতা ও র্যাবের ফোর্স পিছু নিলেও তাদের থামানো যায়নি। একপর্যায়ে হাতি দুটি হাতিরঝিল এলাকায় ঢুকে পড়ে। এরপর হাতিরঝিল মধুবাগে এলাকায় হাতিসহ মাহুতকে থামতে বাধ্য করা হয়।
পরে ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ হাতি নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছে।
