আফ্রিদিকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাবেন গম্ভীর

আপডেট : ০৪ মে ২০১৯, ০৩:২৬ পিএম

আত্মজীবনীতে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। টিম ইন্ডিয়ার সাবেক ওপেনারকে ব্যক্তিত্বহীন বলতেও ছাড়েননি তিনি। এবার আফ্রিদিকে তোপ তাগালেন গম্ভীর।

সম্প্রতি প্রকাশিত হয়েছে আফ্রিদির আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গেইম চেইঞ্জার’। তাতে গম্ভীরকে ব্যক্তিত্বহীন, দাম্ভিক ও ক্রিকেটের লজ্জা বলতেও কুণ্ঠা বোধ করেননি আফ্রিদি।

“গম্ভীরের ক্ষেত্রে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ের। গম্ভীর খুবই দাম্ভিক। তার মানসিকতায় সমস্যা আছে। তার কোনও ব্যক্তিত্ব নেই। সে এমন একটা বিরল চরিত্র যাকে ক্রিকেটের বড় লজ্জা বলা যায়। তার আহামরি কোনো রেকর্ড নেই। পুরোটাই দম্ভ।”

আফ্রিদি আরও লেখেন, “গম্ভীর এমন আচরণ করে, যেন সে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের মিলিত কিছু। করাচিতে এরকম লোকেদের আমরা সরিয়াল বলি। সহজ ব্যাপার, আমি খুশি ও ইতিবাচক মানুষদের পছন্দ করি। তারা আগ্রাসী ও প্রতিযোগিতাপূর্ণ হলেও সমস্যা নেই। আপনাকে ইতিবাচক হতে হবে। গম্ভীর ইতিবাচক নয়, সবটাই নেগেটিভ।”

আফ্রিদির এসব লেখার পাল্টা জবাব দিলেন গম্ভীর। টুইটারে তিনি লিখেছেন, “আফ্রিদি তুমি একজন উন্মাদ। যাইহোক, আমরা চিকিৎসার জন্য পাকিস্তানকে এখনও ভিসা দিচ্ছে। আমি নিজে তোমায় মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত