ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে চালক ও যাত্রীসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- মানিকগঞ্জ সদর থানার আলীনগর গ্রামের জনাব আলীর ছেলে পিকআপ চালক মিঠু ইসলাম (৩৫) এবং কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার তৌহিদুল ইসলাম তুষার (৩০)।
এদের মধ্যে তৌহিদুল ইসলাম তুষার মানিকগঞ্জের মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা এবং মিঠু নিজের পিকআপ চালাতো বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মিঠু ইসলাম নিজের পিকআপ চালিয়ে সকালে ঢাকা থেকে মানিকগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন কম থাকায় সাভারের নবীনগর বাসষ্ট্যান্ড থেকে ব্যাংকার তরিকুল কর্মস্থলে যাওয়ার জন্য যাত্রী হয়ে ওই পিকআপে ওঠেন। পিকআপটি ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হলে বিষয়টি ধামরাই থানায় ফোন করে জানান স্থানীয়রা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় ঝড়ের সময় ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় একটি গাছ ভেঙে যাত্রীবাহী চলন্ত প্রাইভেটকারের উপর পড়লে একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছে। আহতরা হলো- মানিকগঞ্জ পৌর এলাকার পউলি গ্রামের ইনতাজ উদ্দিন (৪৫), তার স্ত্রী নাজনীন সুলাতানা (৪০), মেয়ে হিমু আক্তার (১৯) ও প্রাইভেটকারচালক শওকত আলী (৫৫)।
এদের মধ্যে চালক শওকত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
