নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে আম কুড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী নাজমুন নাহার ঝুমুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে ঝুমুরকে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে চরকাঁকড়ার ৩নং ওয়ার্ডের আলমের বাপের নতুন বাড়ির পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুন নাহার ঝুমুর ওই এলাকার আব্দুল হানিফের মেয়ে। সে স্থানীয় সমরত বানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে শনিবার ভোর থেকে উপজেলার বিভিন্ন স্থানে তীব্রবেগে বাতাস শুরু হলে মামাতো ভাই রাফি ও মামাতো বোন প্রমির সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী বাগানে আম কুড়াতে যায় ঝুমুর। আম কুড়ানো শেষে অপর দুই জন বাড়িতে ফিরলেও ঝুমুর আর ফিরেনি।
পরে পার্শ্ববর্তী সোনিয়া আক্তার নামের এক মহিলা বাগানের পাশের খালে ঝুমুরকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
