চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর পরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার পরুয়াপাড়া জৈদ্দ্যারহাট চত্বরে আল-এহসান ফাউন্ডেশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় কয়েক শ মানুষ অংশ নেন।
গত বৃহস্পতিবার রাতে সরকারি নির্দেশনায় উপকূলীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ের জন্য বিদ্যালয় ভবন খুলে দিয়ে বাইরে দাঁড়ালে এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ওই প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়।
মুক্তিযোদ্ধা আবদুল মতলবের সভাপতিত্বে ও মুনিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ মুছা, লিয়াকত আলী সওদাগর, শিক্ষিকা নিলুফার আক্তার, তাহরিমুন্নাহার, সাবেক ইউপি সদস্য আবদুস সোবহান, আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা, প্রমুখ।
