বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীন নেত্রী। যদি অন্যায়ের সঙ্গে আপস করতেন তাহলে শুধু জেল থেকে মুক্তি নয়, অনেক আগেই দেশের প্রধানমন্ত্রীও হতে পারতেন। কারাবন্দি খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ সব ‘রাজবন্দির মুক্তির’ দাবিতে গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জিয়া আদর্শ একাডেমি’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
খন্দকার মাহবুব বলেন, ‘এখনো বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাবন্দি। কারাবন্দি নেতাদের স্বজনরা আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। এ অবস্থায় খালেদা জিয়া সমঝোতার মাধ্যমে মুক্তি নেবেনÑ এমন কোনো প্রশ্নই আসে না। আর যদি তিনি সমঝোতা করতেন তাহলে শুধু মুক্তি নয়, ওয়ান-ইলেভেনের সময় থেকেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকতেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য এখন রাজপথের আন্দোলনই একমাত্র বিকল্প। রাজপথে নামতে পারলে সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে।’
সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরীর সভাপতি আবদুর রহমান বাবুল, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহীম প্রমুখ।
