বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চাকরি স্থায়ী করার দাবিতে ১ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের ৬৮ জন স্পেশাল ওয়ার্ড বয়।
রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলে।
ভবনের ৪র্থ তলায় বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের কক্ষের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে।
বার্ন ইউনিটের কর্মচারী মো. জীবন মিয়া বলেন, আমরা বার্ন ইউনিট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেই ২০০৩ সাল থেকে এখানে বিনা চাকরিতে বিনা বেতনে কাজ করে আসছি। আমাদের সংসার চালানোও অসম্ভব হয়ে পড়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা আমাদের স্থায়ী চাকরির দাবি করে আসছি। তাতেও কোনো সমাধান না হওয়ায় আজ এই অবস্থান কর্মসূচি পালন করছি। আগামীকালকেও একই সময়ে এই কর্মসূচি পালন করা হবে।
এবিষয়ে ঢামেক বার্ন ইউনিট সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, গত ১০ বছর ধরে তাদের স্থায়ী চাকরির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের কর্মসূচি যৌক্তিক।
