নিখোঁজের ১২ বছর পর বাক্প্রতিবন্ধী শিশু নাঈম হাসান ফিরে গেল মা-বাবার কাছে। এত দিন সে যশোর সরকারি শিশু উন্নয়ন কেন্দ্র ছিল।
রোববার দুপুরে যশোর সার্কিট হাউসে নাঈমকে তার বাবা ওমর আলী বিশ্বাসের হাতে তুলে দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় তাকে কিছু নগদ অর্থ প্রদান করা হয়। নাঈম রাজবাড়ী জেলার পাংশা থানার সুবর্ণকোলা গ্রামের বাসিন্দা।
যশোর সরকারি শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ জানান, ১২ বছর আগে নিখোঁজ হিসেবে রাজবাড়ী জেলার শ্রীপুর থানা থেকে বাক্প্রতিবন্ধী নাঈমকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। সে কথা বলতে না পারায় অনেক চেষ্টা করেও স্বজনদের পরিচয় পাওয়া যায়নি। সম্প্রতি আসাদুজ্জামান নামে এক আনসার সদস্য এখানে যোগ দিলে নাঈমের বাবা-মার সন্ধান দেয় সে। তারই সূত্র ধরে তাকে আজ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ শিশু নাঈমের স্বজনরা উপস্থিত ছিলেন।
