কারা হেফাজতে আইনজীবীর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি

আপডেট : ০৫ মে ২০১৯, ০৯:০৭ পিএম

বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী পলাশ কুমার রায়কে পঞ্চগড় জেলা কারাগারে (কারা হেফাজতে) পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। পাশাপাশি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আইনজীবী পলাশ কুমার রায়ের মা মিরা রানী রায় তার ছেলেকে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষকে দায়ী করেছেন। মৃত্যুর আগে পলাশ তার মায়ের কাছে তাকে সুপরিকল্পিতভাবে হত্যার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে গেছেন।’

ঘটনার নিন্দা জানিয়ে এর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি ওই ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনও যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান মাহবুব উদ্দিন খোকন।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ একটি মামলায় গ্রেপ্তারের পর পঞ্চগড়ের কারাগারে থাকা পলাশকে গত ২৬ এপ্রিল সকালে হাসপাতালের বাইরে থাকা একটি টয়লেট থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। ৩০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগুনে তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত