হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনাতেই জাতীয় পার্টি চলবে উল্লেখ করে পার্টির নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদই আমাদের নেতা। তিনি যত দিন বেঁচে আছেন, তার নির্দেশনা অনুযায়ীই জাতীয় পার্টি চলবে।’
রবিবার দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি ।
তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিকভাবে অসুস্থতার কারণে পার্টির কাজকর্ম করতে পারছেন না, এতে পার্টির স্বাভাবিক গতিতে স্থবিরতা এসেছে। তাই চেয়ারম্যান আমাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।’
আগামী কাউন্সিল করাই তার এখন মূল কাজ উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আর এ কারণেই আমাদের অনেক কাজ করতে হবে। দলকে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করতেই আমরা সবাই একসঙ্গে কাজ করব।’
এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান তার ক্ষমতাবলে পার্টি পরিচালনায় নির্দেশনা দিয়ে থাকেন। এটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যারা সমালোচনা করেন, তারা সমালোচনার জন্যই নানা কথা বলতে পারেন।’
জাপার সিনিয়র নেতারা ফোন করে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সবাই তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান গোলাম মোহাম্মদ কাদের।
সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ পর্যায়ের কোনও নেতা উপস্থিত ছিলেন না। তবে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, শফিউল্লাহ শফি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কর্নেল সাব্বির আহমেদ, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার (৪ মে) মধ্যরাতে এরশাদ তার ছোট ভাই কাদেরকে দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।
