সুইডেনে মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক

আপডেট : ০৫ মে ২০১৯, ১১:০৭ পিএম

সুইডেনে মঞ্চায়িত হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’। সুইডিশ নাট্যদল সন্দ্রেবলস অপেরার আমন্ত্রণে ঢাকার থিয়েটার আর্ট ইউনিটের ১৯ জনের একটি দল সোমবার (৬ এপ্রিল) সুইডেনের উদ্দেশ্যে রওনা করবে।

সাংস্কৃতিক বিনিময় প্রকল্পের আওতায় আগামী ১০ ও ১১ মে স্টকহোমের ফ্রিয়া টিটার্নে থিয়েটার আর্ট ইউনিট প্রদর্শন করবে নাটকটি। নাটকটি মূলত পৃথিবীর দুই প্রান্তের দুই নারীর উপাখ্যান। হ্যানা বিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে জন্ম নেওয়া সুইডেনের এক সূচশিল্পী। অন্যদিকে শাপলা বাংলাদেশের এক গার্মেন্টসের শ্রমিক। নাটকটি এই দুই মৃত নারীর পরস্পরের গল্প কথন।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আবির সায়েম ও সহযোগী হিসেবে আছেন রানা সিকদার। সংগীত পরিকল্পনা করেছেন সেলিম মাহবুব। কোরিওগ্রাফি করেছেন সংগীতা চৌধুরী ও মেহমুদ সিদ্দকী এবং আলোক পরিকল্পনায় আছেন নাসিরুল হক।

অভিনয় করছেন সুজন রেজাউল, সংগীতা চৌধুরী, মিতালী দাস, মেহমুদ সিদ্দিকী, নূরুজ্জামান বাবু, এস আর সম্পদ, সজল চৌধুরী, আবীর সায়েম, অপ্সরা মৌ। নাটকটির মূল গায়েন সেলিম মাহবুব, গায়েন দলে রয়েছেন চন্দন রেজা, কামরুজ্জামান মিল্লাত, আনিকা মাহিন একা, মাহফুজ সুমন।

নাট্য প্রদর্শনী ছাড়াও থিয়েটার আর্ট ইউনিট স্টকহোমে সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত