আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কংগ্রেস সদস্য। তার আগ্রহ বাংলা ভাষার প্রতি। বাংলা শেখাকে জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছেন বামপন্থী এই ডেমোক্র্যাট নেতা।
কর্টেজের মতে, নিউইয়র্কে বাস করে বহু ভাষার মানুষ। তা থেকে বাংলা শেখার ইচ্ছে জাগে তার মনে। যদিও বর্তমানে বাংলার মাত্র ১০টি শব্দ আয়ত্ত করেছেন তিনি।
২০১৮ সালের জুনে কর্টেজকে এক নির্বাচনী প্রচারণার ভিডিওতে বাংলায় কথা বলতে দেখা যায়। সেখানে তিনি বাংলায় ভোট চান। সম্প্রতি নেটফ্লিক্সে 'নক ডাউন' নামের একটি তথ্যচিত্র সেই ঘটনা দেখানো হয়। তারপর থেকেই এই কংগ্রেস সদস্যের নানা ভাষার প্রতি আগ্রহের বিষয়টি উঠে আসে।
সেসময় ভোট চাইতে গিয়ে প্রথমেই সালাম দেন কর্টেজ। তারপর বাংলায় বলেন, 'আপনার ভোটের জন্য ধন্যবাদ।'
এ বিষয়ে কর্টেজ টুইটে জানান, তার নির্বাচনী এলাকায় কমবেশি ২০০ ভাষাভাষির মানুষ রয়েছে। তিনি মাত্র চার ভাষায় কথা বলতে পারেন। এই চার ভাষায় তার দক্ষতাও শুধু চালিয়ে নেওয়ার মতো। আর তার পরবর্তী লক্ষ্য বাংলা শেখা। কারণ, সেখানে বাঙালি সম্প্রদায় খুবই চমৎকার।
এই কংগ্রেস সদস্য আরও বলেন, তিনি ১০টির মতো বাংলা শব্দ জানেন। এই জ্ঞান থেকেই তিনি নির্বাচনী প্রচারণায় বাংলা বলেন।
