রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গতকাল রবিবার ‘মৃত্তিকা’ তথ্যচিত্রের প্রদর্শনী হয়েছে। নওগাঁর মান্দা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃৎশিল্পীদের জীবন-জীবিকা নিয়ে এটি নির্মিত। তথ্যচিত্রটি যৌথভাবে নির্মাণ করেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও রতন কুমার। এদিন দুপুর দেড়টায় বিভাগের একটি শ্রেণিকক্ষে তথ্যচিত্রটি দেখানো হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ বিভাগের শিক্ষকরা তথ্যচিত্রের ধারণকৃত সিডির মোড়ক উন্মোচন করেন। পরে এটির প্রদর্শনী হয়। আনন্দ কুমার বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের অধিকাংশই মৃৎশিল্প বিষয়ে পরিচিত নয়। তারা জানতে পারছে না যে কীভাবে একজন কুমারের হাতের স্পর্শে মাটি দিয়ে অসাধারণ সব তৈজসপত্র তৈরি হয়।’ এ সময় তিনি নির্মাতাদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক সুষ্মিতা চক্রবর্ত্তী, মোর্বারা সিদ্দিকা, ফারজানা রহমানসহ বিভাগের অনেকে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক আখতার হোসেন।
