রাজধানীর সুত্রাপুরে শ্যামবাজার এলাকার একটি কাঁচাবাজারের আড়তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।
সুজনের ভাই খুরশিদ জানান, তারা কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকেন। তার বাবার নাম ইনু মিয়া। নাসির বাণিজ্যালয় নামের আড়তের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির মধ্যে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
