আফগান পুলিশ হেডকোয়ার্টারে আত্মঘাতী হামলা, নিহত ১৩

আপডেট : ০৬ মে ২০১৯, ০১:৪৯ পিএম

আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় পুলিশ হেডকোয়ার্টারে তালেবান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। রবিবারের এ হামলায় আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ।

বিবিসি জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় শহর পুল-ই-খুমরির পুলিশ হেডকোয়ার্টারে এক আত্মঘাতী তালেবান জঙ্গি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এ হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীর সংঘর্ষ হয়।

যুক্তরাষ্ট্রের সমর্থনে আফগান সরকার কর্তৃক যুদ্ধ বিরতির প্রস্তাব নাকচ করে দেয় জঙ্গি সংগঠনটি। এর পরপরই আত্মঘাতী এ হামলা চালায় তারা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, সংঘর্ষে ৮ তালেবান সদস্য নিহত হয়েছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিহত ১৩ জনের মধ্যে শিশুও রয়েছে। ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এর মধ্যে ২০ জন বেসামরিক লোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত