ওদের কুকুরের মতো মারব: বিজেপি নেত্রীর হুমকি

আপডেট : ০৬ মে ২০১৯, ০৫:১২ পিএম

নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করলে তৃণমূল নেতা-কর্মীদের ‘কুকুরের মতো মারার’  হুমকি দিলেন বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ।

এক সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলে সম্বোধন করতেন ভারতীয় ঘোষ। পরে তিনি বিজেপিতে যোগদান করেন।

এনডিটিভি জানায়, লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে প্রাক্তন এই আইপিএস অফিসারকে প্রার্থী করেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন ভারতী ঘোষ। মমতার খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি। কিন্তু পরে সেই সম্পর্কে অবনতি ঘটে।

২০১৭ সালের ডিসেম্বরে পশ্চিম মেদিনীপুরের বাইরে বদলি করা হয় ভারতী ঘোষকে। দুদিন পরে পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন তিনি। পরে ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী টলিউড নায়ক দীপক অধিকারী দেবের বিরুদ্ধে তাকে প্রার্থী করে বিজেপি।

শনিবার এক নির্বাচনী সভায় গেলে নেতা–কর্মীরা তাকে অভিযোগ করেন, ১২ মে ষষ্ঠ দফায় ভোট না দেওয়ার জন্য তাদের হুমকি দিচ্ছে তৃণমূল কর্মীরা।

এ সময় তিনি বলেন, “ওরা যদি কাউকে ভয় দেখানোর চেষ্টা করে, আমরা তাদের বাড়ি থেকে বের করে নিয়ে এসে কুকুরের মতো মারব। আমি উত্তরপ্রদেশ থেকে হাজার লোক আনতে পারি এবং এখানে মোতায়েন করতে পারি, তখন তোমাদের খুঁজে পাওয়া যাবে না।”

এদিকে এক প্রতিক্রিয়ায় তৃণমূল প্রার্থী দেব বলেন, “এটা দুর্ভাগ্যজনক। বেশ কিছুটা সময় ধরেই আমি ভারতীদিকে চিনি। কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধা কমে গেছে। আমি এই ধরনের নেতা চাই না, যারা জনসমক্ষে হুমকি দেয়। মানুষই বিচার করুক।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত