এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

আপডেট : ০৬ মে ২০১৯, ০৭:৩৯ পিএম

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী। সোমবার দুপুরে উপজেলার চাপিল এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত ওই ছাত্রীর নাম ফারজানা আক্তার (১৮)। সে ধামরাইয়ের চাপিল এলাকার মো. ফারুক হোসেনের মেয়ে। ফারজানা এবার ধামরাইয়ের শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে অকৃতকার্য হয় ফারজানা। পরবর্তীতে সে এ বছর ওই একই বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। কিন্তু সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে আবারও গণিত বিষয়ে অকৃতকার্য হয়। এ ঘটনায় লজ্জায় ওই শিক্ষার্থী নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক চন্দ্র সাহা বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফারজানা আক্তার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।

কিন্তু এ ঘটনায় নিহতের স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত