রোহিঙ্গা ক্যাম্পে মাটিচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৬ মে ২০১৯, ১০:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে মাটিচাপা পড়ে সাইফুল ইসলাম (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরও দুই শিশু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দল বেঁধে ক্যাম্পের ভেতরের একটি মসজিদে কুরআন শিখতে যায়। মসজিদের ইমাম পড়তে আসা কিছু ছেলেমেয়েকে পাশে থেকে মাটি আনতে বলেন। পরে মাটি আনতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। ওই শিশু উখিয়ার বালুখালি ক্যাম্পের-৯-এর জি-৪ ব্লকের আবদুল লতিফের ছেলে। এসময় আরও দুই শিশু গুরুতর আহত হয়। আহতরা হলেন উখিয়ার বালুখালি ক্যাম্প-১০-এর ব্লক -ডি -১১-এর বাসিন্দা মোহাম্মদ নয়নের মেয়ে ওয়াহিদা বিবি (৫) ও অপর জনের পরিচয় পাওয়া যায়নি। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের তুর্কি হাসাপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

উখিয়ার বালুখালি ক্যাম্প নাইনের প্রধান সমন্বয়ক (হেড মাঝি) আবু তাহের বলেন, মাটিচাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় দুইজন আহত হয়েছে। বালুখালি ক্যাম্প পুলিশের ইনচার্জ মিজানুর রহমান বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত