পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি ও ভারতের ক্রিকেট তারকা গৌতম গম্ভীরের মধ্যে কথার লড়াই দারুণভাবে জমে উঠেছে। একজন ঢিল ছুড়ছেন তো অন্যজন ছুড়ছে পাটকেল।
সর্বশেষ যেমন আফ্রিদি বললেন, গম্ভীরকে পাকিস্তানের হাসপাতালে মানসিক ডাক্তার দেখাতে চান তিনি। পাকিস্তানি তারকা বলেন, ‘‘আমার মনে হয় গম্ভীরের কোনো মানসিক সমস্যা আছে। আমি পাকিস্তানে কয়েকটা হাসপাতালের সঙ্গে কাজ করছি। এখানে আমি গম্ভীরের চিকিৎসার জন্য ভালো ব্যবস্থা করতে পারব। ওকে একবার শুধু এখানে কষ্ট করে আসতে হবে।’’
গম্ভীরের জন্য ভিসার ব্যবস্থাও করবেন বলে জানান আফ্রিদি, ‘‘এমনিতে ভারত সরকার পাকিস্তানে আসার জন্য সহজে ভিসা দিতে চায় না। কিন্তু আমরা ভারতীয়দের জন্য দরজা খোলা রেখেছি। আমাদের দেশের মানুষ এবং আমাদের সরকার সব সময়ই ভারতীয়দের স্বাগত জানিয়েছে। গৌতমের জন্য আমি পাকিস্তানের ভিসার ব্যবস্থা করারও চেষ্টা করব।’’
মূলত গম্ভীরকে জবাব দিতে আফ্রিদি এমনটা বলেছেন। এর আগে গম্ভীর টুইট করে লিখেন, “আফ্রিদি তুমি একজন উন্মাদ। যা হোক, আমরা চিকিৎসার জন্য পাকিস্তানকে এখনো ভিসা দিচ্ছে। আমি নিজে তোমায় মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব।”
তবে দুজনের এই দ্বন্দ্বের শুরুটা আফ্রিদিকে দিয়ে। নিজের আত্মজীবনী গেম চেঞ্জারে গৌতম গম্ভীর ব্যক্তিগত আক্রমণ করেন আফ্রিদি। তিনি একটা জায়গায় লিখেছেন, ‘‘গম্ভীর খুবই দাম্ভিক। তার মানসিকতায় সমস্যা আছে। তার কোনও ব্যক্তিত্ব নেই। সে এমন একটা বিরল চরিত্র যাকে ক্রিকেটের বড় লজ্জা বলা যায়। তার আহামরি কোনো রেকর্ড নেই। পুরোটাই দম্ভ।’’
আফ্রিদি আরও লেখেন, “গম্ভীর এমন আচরণ করে, যেন সে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের মিলিত কিছু। করাচিতে এ রকম লোকেদের আমরা সরিয়াল বলি। সহজ ব্যাপার, আমি খুশি ও ইতিবাচক মানুষদের পছন্দ করি। তারা আগ্রাসী ও প্রতিযোগিতাপূর্ণ হলেও সমস্যা নেই। আপনাকে ইতিবাচক হতে হবে। গম্ভীর ইতিবাচক নয়, সবটাই নেগেটিভ।”
