অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম দিয়ে আঘাত করেছেন দেশটির এক তরুণী। তবে ডিমটি তিনি ভাঙতে পারেননি। এর আগে সে দেশের কুইন্সল্যান্ডের বর্ণবাদী সিনেটর ফ্রাসের অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে হইচই ফেলে দিয়েছিল উইল কনোলি নামের এক কিশোর।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, মরিসন উইমেন অ্যাসোসিয়েশনের একটি ইভেন্টে যোগ দিতে গিয়েছিলেন। নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে সেখানে যান তিনি। হঠাৎ ২৫ বছরের এক তরুণী পেছন দিয়ে তাকে আঘাত করেন।
পুলিশ জানিয়েছে, তরুণীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
ডিম দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মরিসনের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা তরুণীকে রুখে দেন। এই সময় এক বৃদ্ধ মহিলা তার পায়ে আঘাত পান।
ইভেন্টের আয়োজক সংস্থা জানিয়েছে, প্রতিবাদকারী তাদের সদস্য নন।
চলতি বছরে অস্ট্রেলিয়ান রাজনীতিতে ডিম একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গত মার্চে নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফ্রাসের অ্যানিংকে ডিম প্রতিবাদের মুখোমুখি হতে হয়।
এবার প্রতিবাদকারী তরুণী কী কারণে এমন করেছেন, তা পরিষ্কার করেননি। হলরুম ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি তিনি।
