রাজধানীর খিলক্ষেতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ৩০০ ফিটসংলগ্ন ডুমনী সড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি র্যাবের।
র্যাব সূত্রে জানা গেছে, একদল মাদক ব্যবসায়ীকে ধরতে রাতে খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় অভিযানে যায় র্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছে র্যাব।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গণামধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
