কাঁধের চোটটাই কাল হয়ে দাঁড়াল ঝাই রিচার্ডসনের। চোট কাটিয়ে উঠতে না পারায় ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারালেন এই পেসার। বাদ পড়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে। তার জায়গায় বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন মিডিয়াম পেসার কেন রিচার্ডসন।
মার্চে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন ঝাই। এরপর আর মাঠে নামা হয়নি তার। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন তিনি।
ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন ঝাই। শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলার স্বপ্নটা অপূর্ণই থেকে যাচ্ছে তার। ডাক্তাররা জানিয়েছেন, বিশ্বকাপের আগে সুস্থ হচ্ছেন না ঝাই।
অস্ট্রেলিয়া দলের ফিজিও ডেভিড বেকলি বলছেন, “দল ও রিচার্ডসনের জন্য এটা খুবই খারাপ সংবাদ। ইনজুরির পর থেকেই সে কঠোর পরিশ্রম করছে মাঠে ফেরার জন্য। অনুশীলনে তার বোলিং দেখেই আমরা বুঝেছি, সে ম্যাচ খেলতে পারবে না খুব তাড়াতাড়ি। সবার সাথে আলোচনা করেই বিশ্বকাপ স্কোয়াড থেকে তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অ্যাশেজের আগে হয়ত শেষ খেলায় ফিরতে পারবে।”
ঝাই রিচার্ডসনের পরিবর্তে দলে ডাক পাওয়া কেন রিচার্ডসন অস্ট্রেলিয়ার হয়ে ২০টি ওয়ানডে খেলে নিয়েছেন ২৯টি উইকেট।
