পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফল উপজেলায় বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাতে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁন মিয়া ও তার ছেলে বাদল বর্তমানে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দাসপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হলেও মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের বেশ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে চাঁন মিয়ার বাড়িতে গিয়ে তাকে বেধড়ক মারধর করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেয়।
এ সময় চাঁন মিয়ার ছেলে বাদল ঘর থেকে বের হয়ে বাবাকে বাঁচাতে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
বাউফল থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
