দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০১৯, ০৮:০৭ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছায় দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা আহসান কবির (৩২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা ও মুক্তাগাছা থানা পুলিশ জানায়, জামালপুর সদর উপজেলার মিঠুয়াকান্দা গ্রামের ১১ বছর বয়সী দুই চাচাতো-জেঠাতো ভাই স্থানীয় ঈশ্বরগ্রামের ফয়জুর রহমান হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসা শিক্ষক আহসান কবির প্রায়ই ছাত্রদের দিয়ে নিজের শরীর টেপাতো।

গত ০২ মে এবং ০৭ মে পৃথকভাবে দুই চাচাতো ভাইকে একইভাবে শরীর টেপানোর কথা বলে নিজ কক্ষে নিয়ে তাদের বলাৎকার করে। পাশাপাশি এ ঘটনা কাউকে না বলতে ভয়ভীতিও দেখায়। পরে দুই মাদ্রাসা ছাত্রই তাদের বাবাকে বিষয়টি জানায়।

এরপর গত মঙ্গলবার রাতে মাদ্রাসা ছাত্রের বাবা বাদী হয়ে অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই এ মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত