ঢাকায় কোন কোন এলাকায় ওয়াসার পানি অনিরাপদ, জানতে চেয়েছে হাইকোর্ট

আপডেট : ০৮ মে ২০১৯, ১১:৫৮ পিএম

ঢাকার কোন কোন এলাকায় ওয়াসার পানি সবচেয়ে বেশি অনিরাপদ তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্তে এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এক আদেশে এ বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

রিটকারী আইনজীবী তানভীর আহমেদ জানান, রিট আবেদনের প্রেক্ষিতে গত বছরের ৬ নভেম্বর রাজধানী ঢাকায় পাইপের মাধ্যমে সরবরাহকৃত ওয়াসার পানি পরীক্ষার জন্য ৫ সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

কমিটিকে ২ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু পানি পরীক্ষার প্রতিবেদন না দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটি গঠন ও কমিটির কার্যপরিধি তুলে ধরে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে। যাতে ওয়াসাকে ১১টি জোনে ভাগ করে পানি পরীক্ষার করার কথা বলা হয়েছে।

এছাড়া অর্থায়ন পাওয়া গেলে ৪ মাসের মধ্যে পানি পরীক্ষার প্রতিবেদন পাওয়া যেতে পারে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এমন পরিস্থিতিতে মামলাটি বিলম্বিত হওয়ার আশঙ্কার কথা তুলে ধরলে আদালত কোন কোন এলাকার পানি বেশি দূষিত ও বেশি অনিরাপদ সেই সব এলাকা চিহ্নিত করে জানাতে বলেছেন।

এছাড়া অর্থায়ন কে করবে এবং কী পরিমাণ অর্থায়ন প্রয়োজন হবে সেটা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জানাতে আদেশ দিয়ে আদালত আগামী সোমবার (১৩ মে) এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত