একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ব্যয়ের হিসাব জমা দিতে সময় বাড়াতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি। ব্যয়ের হিসেব জমা দিতে দলটি আরও একমাস সময় চেয়ে আবেদন করেছে ।
বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে সময় বাড়ানোর চিঠি নিয়ে বিএনপির প্রতিনিধিদল ইসিতে যায়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
শায়রুল বলেন, বিএনপির তিন সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুল ইসলাম ও মনির হোসেন মহাসচিবের চিঠি নিয়ে ইসিতে গিয়ে দিয়ে আসেন।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪ সি ধারায় বলা আছে, প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচন শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হবে। সেই হিসাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিন পার হয়ে গেছে।
তবে ৪৪ ডি ধারায় বলা আছে, কোনো দল ৯০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে না পারলে ইসি তাদের সতর্ক করে নোটিশ দিয়ে পরবর্তী ৩০ দিনের মধ্যে হিসাব জমা দেওয়ার নির্দেশ দিতে পারবে। এই সময়ের মধ্য কোনো দল হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি তাদের ১০ হাজার টাকা জরিমানা করে পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব জমা দেওয়ার নির্দেশ দিতে পারবে। এই ধাপেও ব্যর্থ হলে ইসি চাইলে সেই দলের নিবন্ধন বাতিল করতে পারবে।
