ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ ২ জনের সন্ধান মেলেনি

আপডেট : ০৯ মে ২০১৯, ০১:৪৬ এএম

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধুতিচোরা গ্রামের ফুলমিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪০) ও মিনহাজ মিয়ার মেয়ে মেরেনা খাতুনের (১৩) সন্ধান মেলেনি।

বুধবার ব্রহ্মপুত্র নদসহ যমুনা নদীতে স্বজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দিনভর টহল দিয়েও তাদের খুঁজে পায়নি।

নিখোঁজ মেরেনার মামা সাদ্দাম হোসেন বলেন, আঙ্গুরের পরিবারের সদস্যসহ দিনভর নৌকা নিয়ে সদর ও ফুলছড়ি উপজেলার নদীর বিভিন্নস্থানে তাদেরকে খুঁজে পাইনি। চরাঞ্চলের বিভিন্ন এলাকাসহ সাঘাটার নদী এলাকায় পরিচিতদের বলে রেখেছি।

গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ ইদু বলেন, নৌকাডুবির ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের মঙ্গলবার রাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ১০ হাজার টাকা দিয়ে এসেছি।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, নৌকাডুবির স্থানসহ ভাটির দিকের বিভিন্ন এলাকায় সন্ধান করেও তাদের পাওয়া যায়নি। পরে বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

গত মঙ্গলবার সকালে ভুট্টা খেতে কাজ করার জন্য শিশু ও নারী-পুরুষসহ ৫০ থেকে ৬০ জনের একটি নৌকা ব্রহ্মপুত্র নদ পার হয়ে চরাঞ্চলে যাচ্ছিল। বেশি যাত্রী হওয়ায় নৌকাটি মাঝ নদে ডুবে পাঁচজন নিখোঁজ হয়। ওইদিনই তিনজনের লাশ উদ্ধার করে ডুবিরিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত