ব্যবসায়ীদের উদ্দেশে সাঈদ খোকন বললেন, “যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটান, তাহলে শুধুমাত্র জরিমানার মধ্যেই ভ্রাম্যমাণ আদালত সীমাবদ্ধ থাকবে না। আইন অনুযায়ী কারাদণ্ড প্রদানের নির্দেশনাও তাদের দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করলে আপনার ঈদের দিনটি হয়তো কারাগারে কাটাতে হতে পারে।”
বৃহস্পতিবার সকালে হাতিরপুল কাঁচাবাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য পর্যবেক্ষণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
চলতি রমজানের মধ্যেই ২১টি বাজারে মূল্য তালিকার ডিজিটাল বোর্ড স্থাপন করা হবে বলে সাংবাদিকদের জানান সাঈদ খোকন।
মেয়র বলেন, “শুধু রমজান মাসেই নয়, সারা বছরই স্থায়ীভাবে বাজার মনিটরিংয়ের জন্য ডিএসসিসির মোট ২১টি কাঁচাবাজারে মূল্য তালিকার ডিজিটাল বোর্ড স্থাপন করা হবে। নগর ভবন থেকেই প্রতিদিন মূল্য তালিকা হালনাগাদ করা হবে।”
আগামী দু’সপ্তাহের মধ্যেই এসব ডিজিটাল বোর্ড চালু করা হবে। ম্যানুয়ালভাবে বাজারে এতগুলো বাজারে ঘুরে ঘুরে মূল্য তালিকা হাতে লেখা অনেক কঠিন হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাজারের মূল্য মনিটরিংয়ের জন্য ৫টি টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কী দরে বিক্রি হবে সেটা পাইকারি বাজার থেকে প্রতিদিন তথ্য সংগ্রহ করে বাজারগুলোতে টানানো মূল্য তালিকায় সংযোজন করে দিচ্ছি।”
আগের রমজানের তুলনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে দাবি করে মেয়র বলেন, “চিনি, সয়াবিন তেলসহ কিছু কিছু দ্রব্যের মূল্য গত বছরের তুলনায় কিছুটা কম আছে। গরুর মাংসের দাম গত বছরের চেয়ে তুলনামূলক বেশি এটা স্বীকার করতেই হবে। গাবতলী পশুহাটে চাঁদাবাজি বন্ধ করা গেলে দাম কমে আসবে। আমরা পুলিশকে জানিয়েছি। তারা চাঁদাবাজি বন্ধে শিগগিরই ব্যবস্থা নিবে।”
ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর নির্ধারিত মূল্য তালিকা ব্যবসায়ীরা মানেন না, এমন অভিযোগ রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, “আমাদের সীমিত জনবল রয়েছে। তবুও আমাদের মনিটরিং ব্যবস্থা সর্বশক্তি দিয়ে জোরদার করব।”
