গাজীপুরে দুই দিনে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার গাজীপুরের শ্রীপুর পৌর মধ্য বাজার এলাকায় সড়ক থেকে পিকআপ সরাতে বলায় শ্রীপুর থানার উপপরিদর্শক আহসানুজ্জামানকে পিটিয়েছে বাবা ও ছেলে।
এর আগে মঙ্গলবার কালিগঞ্জ থানার এএসআই শাহিনুর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে আসামির স্বজনরা।
এসব ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শ্রীপুর থানার এসআই আহসানুজ্জামান জানান, বৃহস্পতিবার ইফতারের আগে শ্রীপুর মধ্য বাজার সড়কে এক পিকআপ চালককে মারধর করেছিল ইকবাল হোসেন সরকার (৪৮) ও তার ছেলে তুষার হোসেন সরকার (৩০)।
তিনি বলেন, এতে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় ইফতারের আগে মুসল্লিদের সমস্যা হচ্ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে মারধরের কারণ জানতে চাই এবং সড়ক থেকে পিকআপ সরিয়ে নিতে অনুরোধ করি। এ সময় বাবা-ছেলে আমাকে মারধর শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আসলে তারা চলে যায়।
তবে অভিযুক্ত তুষার সরকার জানান, পুলিশ সাধারণ পোশাকে ছিল। আমরা বুঝতে পারিনি। তবে তিনি ঘটনাস্থলে এসে আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় আমি তা প্রতিহত করতে গিয়ে সামান্য হাতাহাতি হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম ঘটনায় সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় পর থেকে তাদের আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে ইকবাল হোসেন সরকার (৪৮) ও তার দুই ছেলে তুষার হোসেন সরকার (৩০) ও মাকসুদুল হাসানকে (১৬) আটক করেছে পুলিশ।
অপরদিকে কালীগঞ্জ থানার এএস আই শাহিনুর ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনকে ধরতে গেলে তার স্বজনরা ওই এএসআইকে এলোপাতাড়ি কুপিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার সকালে কালীগঞ্জ পৌর এলাকার ৯নম্বর ওয়ার্ডের দেওপাড়া গ্রামের কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এএসআই শাহিনুরের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। আল আমিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
