গরুর মাংসের দাম ৫২৫, উল্টালেই ৫৫০!

আপডেট : ০৯ মে ২০১৯, ০৬:১৫ পিএম

মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে গরুর মাংসের মূল্যতালিকা ঝুলিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। তবে বড় করে সাদা কাগজের সামনের অংশে মাংসের দাম প্রতিকেজি ৫২৫ টাকা উল্লেখ থাকলেও পেছনে লেখা ৫৫০ টাকা। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এই বাজারটিতে গিয়ে এমন চিত্র দেখতে পান মেয়র আতিকুল ইসলাম। 

অভিযানের সময় বেশ কয়েকটি দোকানে মূল্যতালিকার অনুপস্থিতি দেখতে পান মেয়র ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। এদের মধ্যে বেশ কয়েকটি দোকানকে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ১০ হাজার টাকা করে জরিমানা করেন মেয়র আতিকুল ইসলাম।

বাজার পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রমজানে যেন দ্রব্যমূল্যের দাম সহনশীল পর্যায়ে থাকে। আমরা লাগাতার পাইকারি বাজার মনিটরিং করছি। দাম নির্ধারণ করে দিয়েছি। কিন্তু খুচরা বাজারে এসে দেখছি আমাদের নির্ধারিত দাম আর থাকে না। কিছু ব্যবসায়ী আছেন যারা আমাদের নির্দেশনা মেনে সুন্দরভাবে ব্যবসা করছেন। আবার কিছু ব্যবসায়ী আছেন যারা ‘হান্ড্রেড পার্সেন্ট’ অনিয়ম করছেন।

এ সময় মাংস ব্যবসায়ী কাদিরের প্রসঙ্গ টেনে মেয়র বলেন, আমরা এক ব্যবসায়ীকে দেখলাম একই মূল্য তালিকার একপাশে দাম কেজিপ্রতি ৫২৫ টাকা লিখেছেন, আবার অন্যপাশে ৫৫০ টাকা লিখে রেখেছেন? এটা কেন? এর কারণ হচ্ছে, যখন প্রশাসনের লোক আসে তখন ৫২৫ টাকা দেখায়, আর যখন আমরা চলে যাই তখন ৫৫০ টাকায় মাংস বিক্রি করে। এটা হতে দেওয়া যায় না। 

বাজার পরিদর্শনের সময় প্যানেল মেয়র আলেয়া সরোয়ারসহ স্থানীয় কাউন্সিলর ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত