উইকেটের একপ্রান্তে ওয়াটসন-ডু প্লেসি, আউট হলেন না কেউই!

আপডেট : ১১ মে ২০১৯, ০২:১৭ পিএম

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিং করার সময় বোঝাপড়ার ভুলে, পাড়া গাঁয়ের ক্রিকেটের ভুল করে বসলেন চেন্নাইয়ের সুপার কিংসের দুই তারকা ওপেনার শেন ওয়াটসন ও ফাফ ডু প্লেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে ভিডিও।

১৪৭ রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই সিঙ্গেলস ‘চুরি করতে’ গিয়ে বিপদ ডেকে আনেন ওয়াটসন-প্লেসি। প্রথম ওভারে অক্ষর প্যাটেলের হাতে বল ঠেলে দিয়ে রান নিতে যান ডু প্লেসি। প্রোটিয়া ক্রিকেটারের ডাকে সারা গিয়ে পাল্টা বাইশ গজের অর্ধেকটায় চলে আসেন ওয়াটসন। এরপরই পাড়া ক্রিকেটের মতো একে অন্যকে ক্রিজে ফিরে যেতে বলেন দুই ক্রিকেটার। ওয়াটসনের প্রান্তে বল ছুঁড়লেও ব্যাক-আপ ফিল্ডার না থাকায় দিল্লির হয়ে রান আউটের সুযোগ মিস করেন অক্ষর।

সেই থ্রোয়ে বল চলে যায় কলিন মুনরোর কাছে। উইকেটের অন্য দিকে ছুঁড়ে দেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। সেখানেও বড় ভুল দিল্লির দলটির। ব্যাক-আপ ফিল্ডার হিসেবে ঋষভ পন্ত থাকলেও থ্রোয়ের গতি অনেক বেশি থাকায় তা পন্তের নাগাল গলে বাউন্ডারির দিকে চলে যায়।

শেষ পর্যন্ত অবশ্য ওভার থ্রো আটকে চার রান খরচ হওয়া বাঁচিয়ে দেন ইশান্ত শর্মা। ওভার থ্রো হতে সুযোগ বুঝে এক রান চুরি করে দলের হয়ে রানের খাতা খোলেন ডু প্লেসি। উইকেটের দুই দিকে দুবার রান আউট করার সুযোগ পেয়েও হতশ্রী ফিল্ডিং দিল্লির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লির এমন ফিল্ডিং দেখে হাসতে হাসতে পেটে খিল সমর্থকদের।

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিতে দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত