ফেরদৌসের কারণে কপাল পুড়ল আরিফিন শুভ’র

আপডেট : ১১ মে ২০১৯, ০৬:০৯ পিএম

ঢাকাই ছবির ক্রেজ আরিফিন শুভ। সম্প্রতি এই নায়কের ভক্তরা বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। কলকাতার চলচ্চিত্র পরিচালক শুভ্রজিতের ‘অভিযাত্রিক’সিনেমায় তার অভিনয় করার কথা ছিল। তাও আবার বিভূতিভূষণের অপরাজিত উপন্যাসের বিখ্যাত ‘অপু’ চরিত্রে। ছবিটি ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনেই নির্মিত হচ্ছিল।  ১৫ মে ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল আরিফিন শুভর। কিন্তু শুভ ভক্তদের হতাশ হতে হলো।

শুটিংয়ের ঠিক চার দিন আগে আরিফিন শুভকে জানিয়ে দেওয়া হলো তাকে নিয়ে কাজ করবে না কলকাতা। কারণ কি? ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক মেইল বার্তায় ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান গৌরাঙ্গ ফিল্মস জানিয়েছে, অনভিপ্রেত সামাজিক ও রাজনৈতিক কারণে আরিফিন শুভর সঙ্গে তারা কাজ করতে পারছে না। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে শুভর সঙ্গে আলোচনা করেছে প্রযোজনা সংস্থাটি।

মূলত, চিত্রনায়ক ফেরদৌসের কারণেই কপাল পুড়ল নায়ক আরিফিন শুভ’র। কারণ,  বাংলাদেশি অভিনয়শিল্পীদের আপাতত ওয়ার্ক পারমিট ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দূতাবাস। আর সেই কারণেই ছবিটিতে কাজ করতে পারছেন না আরিফিন শুভ।

সিনেমার পরিচালক শুভ্রজিৎ মিত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ফেরদৌস আর নূরের বিতর্কিত কাণ্ডের কারণে কোনো বাংলাদেশি শিল্পীকে ওয়ার্ক পারমিট দেয়া হচ্ছে না। সে জন্য ছবিটিতে আরিফিন শুভর অভিনয় করা হচ্ছে না। ফেরদৌস ও নুর যে কেন তখন নির্বাচনে প্রচারণায় অংশ নিতে গেলেন! প্রচুর টাকা ক্ষতি হয়ে গেল আমাদের। সব চূড়ান্ত করে ফেলেছিলাম আমরা। মে মাসের ১৫ তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। আমদের পুরো টিম কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। এখন রাতারাতি কাউকে রিপ্লেসমেন্টও করা যাচ্ছে না। গত কয়েকমাস ধরে ছবিটি নিয়ে পুরো টিম পরিশ্রম করে যাচ্ছিল। এখন সেই পরিশ্রমটাই বৃথা গেল। আমরা দিল্লিতে শুভর ভিসার বিষয়ে আলাপ করেছিলাম। কিন্তু কাজ হয়নি। এই পরিস্থিতিতে ছবির কাজটা পিছিয়ে গেল। এ বছর ছবির কাজ শুরুই করতে পারব না।’

উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সম্প্রতি ভারতে গিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারণায় অংশ নেন তিনি। প্রচারণায় অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি। এরপরই ফেরদৌসের ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত