প্লাস্টিক বর্জ্যরে রপ্তানি বন্ধে সম্মত ১৮০ দেশ

আপডেট : ১১ মে ২০১৯, ১০:৩১ পিএম

প্লাস্টিক বর্জ্যরে রপ্তানি কমাতে গত শুক্রবার জাতিসংঘের একটি চুক্তিতে সম্মত হয়েছে বিশ্বের ১৮০ দেশ। বিভিন্ন পরিবেশবাদী সংস্থার মতে, প্রতি বছর সাগরে ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে, যা প্রকৃতির ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

টানা ১২ দিনের আলোচনা শেষে ১৪০০ প্রতিনিধির উপস্থিতিতে জেনেভায় এই চুক্তি সম্পাদিত হয়েছে। জাতিসংঘের পরিবেশবিষয়ক কমিটির নির্বাহী প্রধান রলফ পায়েট একে ‘বিশ্বের পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে অন্যতম’ বলে অভিহিত করেন।

জাতিসংঘের ওই বৈঠকে প্লাস্টিকের মতো বিপজ্জনক বর্জ্য নিয়ন্ত্রণে ১৯৮৯ সালের বাসেল কনভেনশনের সংশোধনী আনা হয়। এ বিষয়ে পায়েট বলেন, ‘চলতি সপ্তাহে জেনেভায় বাসেল কনভেনশনের বহুপক্ষ সম্মিলিতভাবে চুক্তিতে পৌঁছাতে পেরেছে বলে আমি গর্বিত। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ বৈশ্বিক পর্যায়ে পৌঁছে যাবে।’

নতুন এই চুক্তির ফলে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলো এখন থেকে প্লাস্টিক বর্জ্য প্রত্যাখ্যান করতে পারবে, যা তাদের আগে বাধ্য হয়ে গ্রহণ করতে হতো। সম্প্রতি সমুদ্রে প্রায় ১০০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে। সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসে প্লাস্টিককে অন্যতম দায়ী উপাদান বলা হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকত থেকে পেটে প্লাস্টিক বোঝাই একটি মৃত তিমি মাছ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত