জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গাজী টেলিভিশনের (জিটিভি) কুয়াকাটা প্রতিনিধি ও মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম। গত শুক্রবার রাতে তিনি মহিপুর থানায় এ জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সংবাদ প্রকাশের কারণে মহিপুর থানার পুরান মহিপুর এলাকার শহিদ মাতুব্বর (৩৫), ইদ্রিস মৃধা (৩৫), ফজলু ফরাজী (৩২), রফিক হাওলাদার (৪০) সাংবাদিকের ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক ঘর তুলে চাঁদা দাবি করে। চাঁদার টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
মনিরুল ইসলাম জানান, ‘এর আগে কুয়াকাটায় তিন নারী পর্যটককে শ্লীলতাহানিসহ লুটের ঘটনায় জিটিভিতে প্রতিবেদন প্রকাশিত হয়।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত ফজলু ফরাজীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। অভিযুক্ত শহীদ মাতুব্বর বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার এসআই বেল্লাল বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
