দুধ চুরি করা সেই ব্যক্তিকে চাকরি দেবে স্বপ্ন

আপডেট : ১২ মে ২০১৯, ০১:১২ এএম

রাজধানীর খিলগাঁওয়ে স্বপ্ন সুপার শপ থেকে গত শুক্রবার রাতে শিশুখাদ্য গুঁড়ো দুধ চুরি করে পালাচ্ছিলেন এক যুবক। চোর চোর বলে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে দেয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তিন মাস ধরে তিনি বেকার। ছোট বাচ্চার জন্য তিনি দুধ চুরি করেছেন।

বিষয়টি নিয়ে ডিএমপির খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম ফেইসবুকে স্ট্যাটাস দেন। কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। পরে ওই ব্যক্তির সহযোগিতায় এগিয়ে আসে স্বপ্ন সুপার শপ। তারা ইন্টারভিউ সাপেক্ষে ওই যুবককে চাকরির ঘোষণা দেয়।

এসি জানান, শুক্রবার রাত ৯টার দিকে সড়কে চেকপোস্ট ডিউটি তদারকি করছিলাম। হঠাৎ এক জায়গায় মানুষের হট্টগোল দেখে এক এসআইকে যেতে বলি। কিছুক্ষণ পর কয়েকজন ২৫-৩০ বছর বয়সী এক যুবককে টেনে-হিঁচড়ে আমার কাছে নিয়ে আসে। তারা বলেÑ ‘স্যার, লোকটা চোর, চুরি করে পালাচ্ছিল।’ লোকটিকে শক্ত করে ধরে রাখা সিকিউরিটি গার্ড বললÑ ‘স্যার, লোকটা স্বপ্ন সুপার শপ থেকে চুরি করে পালাচ্ছিল।’ লোকটিকে ভদ্রলোক মনে হলো। কেন চুরি করলেন? প্রশ্ন করতেই তিনি কেঁদে বললেন, ‘তিন মাস হলো চাকরি নাই। ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নাই। তাই নিরুপায় হয়ে চুরি করেছি।’

ওই যুবক মালিবাগের হোসাফ টাওয়ারের একটি মোবাইল ফোনের দোকানে কাজ করতেন। তিন মাস আগে তার চাকরি চলে গেছে। এসি জানান, বাচ্চার ক্ষুধার যন্ত্রণা মিটাতে দুধ চুরির বিষয়টি নজরে আসে স্বপ্নের কর্র্তৃপক্ষের।

স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম বলেন, ‘স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের নির্দেশে সেই বাবা ও বাচ্চার দায়িত্ব নেবে স্বপ্ন কর্র্তৃপক্ষ। গত রাতে তার সঙ্গে দেখা করে রমজান মাসের জন্য যেসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দরকার তা দেওয়া হয়েছে। যোগ্য হলে তাকে চাকরি দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত