সরকারি চাকরিতে নিয়োগের দাবি মেডিকেল টেকনোলজিস্টদের

আপডেট : ১২ মে ২০১৯, ০২:০৭ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস করা মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনটির দাবিগুলো হলো টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া ও নতুন পদ সৃষ্টি করা, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের আলোকে ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন, স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ সংশোধন ও মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা এবং মেডিকেল টেকনোলজি কোর্স চার বছর বহাল রাখা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, শেখ সাদী, রিপন সরকার পল্লব, শাকিল উদ্দিন, আব্দুল জলিল, ওবায়দুর রহমান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত