রাতের আঁধারে বসতঘরে আগুন, শিশুসহ ২জনের মৃত্যু

আপডেট : ১২ মে ২০১৯, ০৮:৪৭ এএম

কক্সবাজার শহরের কলাতলীতে আগুনে পুড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় পুড়ে যায় তিনটি ঘর। শনিবার রাত পৌনে ১০টার দিকে কলাতলীর লাইট হাউসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতিকুর রহমান (৩৫) ও আব্দুল মোনাফের মেয়ে সাদিয়া (৫)।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী আবদুল মালেক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তল্লাশির সময় দুইজনের মরদেহ পাওয়া গেছে। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পাহাড়ে দেওয়া আগুন থেকে সূত্রপাত হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে আবদুল মালেক আরও বলেন, “পারিবারিক কলহের জের ধরে ঘরের দরজায় তালা দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলেও শুনেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকে জানিয়েছেন, শহরের লাইট হাউসপাড়া ছেনোয়ারা নামের এক নারী তৃতীয় স্বামী আতিকুর রহমানের সঙ্গে বাস করে আসছিলেন। এতে ক্ষীপ্ত হয়ে দ্বিতীয় স্বামী আবদুল মোনাফ রাতের আধারে বাড়িতে আগুন ধরিয়ে দেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ঘটাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত