ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু জামিনে জেল থেকে বের হওয়ার সময় নতুন মামলায় গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মুক্তি না দিয়ে নতুন মামলায় গ্রেপ্তারের সমালোচনা করে বলেন, এটি একটি চরম বেআইনি পন্থা। এই পন্থা অবলম্বন করা হয় শুধু বিরোধী দলকে পর্যদুস্ত করার জন্য।
রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী দাবি করেন, দীর্ঘদিন কারাগারে থাকার পর সব মামলায় জামিন লাভ করে জেলগেট থেকে বের হওয়ার সময় নতুনয় বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা আওয়ামী লীগের এক মহা আবিষ্কার।
সুলতান সালাহউদ্দিন টুকুকে পল্টন থানার নতুন দুই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, টুকুকে গত বছর গ্রেপ্তারের পর তাকে বেশ কিছু সময় গুম করে রাখা হয়। গ্রেপ্তারের পর গুরুতর অসুস্থ হওয়ার পরও অসংখ্যবার রিমান্ডে নেয়া হয়। এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের মাধ্যমে দৈহিক ও মানসিক নির্যাতন অব্যাহত রাখা হয়। যেমনভাবে করা হচ্ছে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা অপরাধ করে শাস্তি পেলেও নির্বিঘ্নে মন্ত্রীত্ব করতে পারেন।
