‘কত বড় সাহস’: নারী পুলিশ কর্মকর্তাকে ধমক যুবলীগ নেতার

আপডেট : ১২ মে ২০১৯, ১০:২৩ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব নগরের কোতোয়ালী থানায় এক প্রাইভেটকার চালককে ছাড়াতে গিয়ে নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে মারমুখী আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে ওই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুরো ঘটনার বিবরণ দিয়ে এদিন রাতেই কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযুক্ত হাসান মুরাদ বিপ্লব চসিকের ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর এবং নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

ঘটনার শিকার কোতোয়ালী থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) নেলী দাশ।

থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নগরের জিপিও’র সামনে ট্রাফিক কনস্টেবল আবুল কালাম একটি প্রাাইভেটকারকে থামানোর জন্য সংকেত দেন। কিন্তু সংকেত না মেনেই রকিবুল আলম (২৪) নামে ওই প্রাইভেটকারের চালক এগিয়ে যান। পরে ট্রাফিক কনস্টেবল গিয়ে ওই কারের গতিরোধ করলে চালক গাড়ি থেকে নেমে কনস্টেবল আবুল কালামের সঙ্গে মারমুখী আচরণ করেন।

খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই বাবলু কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রকিবুলকে আটক করে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানায়, ঘণ্টাখানেক পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, চসিকের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ১০/১২ জন অনুসারীকে নিয়ে কোতোয়ালী থানায় যান। থানায় ঢুকেই কনস্টেবল আবুল কালামকে জড়িয়ে ধরেন কাউন্সিলর বিপ্লব। এ সময় থানায় রকিবুলের বিরুদ্ধে কোনো অভিযোগ না নেয়ার অনুরোধ করেন।

এ সময় থানার ডিউটি অফিসারের সহযোগী পিএসআই নেলী দাশ কনস্টেবল আবুল কালামকে চলে যেতে বলেন। পিএসআই নেলী দাশের কথা শুনেই ক্ষুব্ধ হন বিপ্লব।

চিৎকার করে কাউন্সিলর বিপ্লব পিএসআই নেলীকে বলে উঠেন ‘আপনি আমাকে চেনেন? কত বড় সাহস, ওনাকে চলে যেতে বললেন’।

জবাবে নেলী বলেন, ‘আপনি কে, তা আমার চেনার দরকার নেই। আঙুল নামিয়ে কথা বলেন।’

পরে কাউন্সিলরকে থানার সেকেন্ড অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয়।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে বলেন, সড়কে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবলের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক হওয়া এক প্রাইভেট কার চালককে ছাড়াতে এসে থানায় একজন নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে কাউন্সিলরের উত্তপ্ত বাক্যবিনিময় করে।

পরে তার আচরণের জন্য ওই কাউন্সিলর দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

তবে ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি ঘটনার শিকার নেলী দাশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে দেশ রূপান্তরকে অভিযুক্ত চসিকের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, 'ওই নারী পুলিশ কর্মকর্তা আমি স্থানীয় কাউন্সিলর পরিচয় দেওয়ার পরও আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে বিষয়টি থানায় মিটমাট হয়ে গেছে'।

'একদিন পর এটি নিয়ে নিউজ করা মানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র'।।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত