শ্রীলঙ্কায় হানিমুনে গিয়ে ভারতীয় তরুণীর মৃত্যু

আপডেট : ১২ মে ২০১৯, ১০:৩৪ পিএম

শ্রীলঙ্কায় হানিমুনে গিয়ে হোটেলের খাবার খাওয়ার পর মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন উশীলা প্যাটেল (৩১) নামে ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ তরুণী। এ ঘটনায় তদন্তের স্বার্থে তরুণীর স্বামী খিলান চান্দারিয়াকে (৩৩) দেশ ছাড়তে নিষেধ করেছে শ্রীলঙ্কান পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানায়, গত ১৯ এপ্রিল ব্রিটেনে বিয়ে করার পর উশীলা ও খিলান হানিমুন করতে গিয়েছিলেন শ্রীলঙ্কার গলে। সেখানে ‘আমারি গল’ নামে সেখানকার এক নামী রিসোর্টে ওঠেন তারা। সেখানে খাওয়াদাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন স্বামী, স্ত্রী দুজনেই। রক্তবমি হয় তাদের। স্বামী খিলান সুস্থ হয়ে উঠলেও, হাসপাতালে ভর্তি করাতে হয় স্ত্রী উশীলাকে। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে খাবারে বিষ মেশানোর অভিযোগ পেয়ে তদন্তে নামে দেশটির পুলিশ। স্বামী খিলানকে শ্রীলঙ্কা ছাড়াতে মানা করা হয়। আদালতের নির্দেশে তার পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়। এছাড়া খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয় ল্যাবরেটরিতে।

গল পুলিশের এক কর্মকর্তা জানান, ‘মুখ্য বিচারক হর্ষণা কেকুনাওয়ালেয়া শুনানির স্বার্থে সব রকম তথ্য-প্রমাণ পেশের নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ তারিখ মামলাটির শুনানি।

তিনি জানান, উশীলার মৃতদেহটি কারাপিতিয়া হাসপাতালের মর্গে রাখা আছে। আমরা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারছি না। তাই তার মৃতদেহ ছাড়তে দেরি হচ্ছে।

এদিকে ঘটনার পর রিসোর্টের মুখপাত্র রাসেল কুল খাওয়ার পরই উশীলা ও খিলান দম্পতি অসুস্থ হয়ে পড়েন স্বীকার করে জানান, সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন, ‘আমরা হালকা খাবার রান্না করি। রিসোর্টে থাকা সব অতিথিই ওই দিন একই খাবার খেয়েছিলেন। তারা তো সুস্থই আছেন। তাহলে খাবারে বিষক্রিয়া হয়েছে, তা কীভাবে প্রমাণ করা যায়’?

অন্যদিকে, হানিমুন করতে গিয়ে এভাবে জীবনসঙ্গীকে হারিয়ে স্বভাবতই স্তব্ধ খিলান। এই পরিস্থিতিতে তদন্তের জন্য একা শ্রীলঙ্কায় থাকাও তার পক্ষে কঠিন হয়ে পড়ছে বলে গণমাধ্যম জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত