শুরুতে এগিয়ে গিয়েও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় ১-৩ গোলে হেরেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। গত জানুয়ারিতে প্রথম পর্বেও নিজেদের মাঠে এই দলটির কাছে দুই গোলের ব্যবধানে হেরেছিল তারা।
এদিন প্রতিপক্ষের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। করিম বেনজেমার পাস থেকে জালের দেখা পান ব্রাহিম দিয়াজ।
২৬তম মিনিটে উইলিয়ান জোসের ব্যাকহিল থেকে পাওয়া বল সহজে জালে জড়িয়ে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল মেরিনো।
৩৮তম মিনিটে জোসের শট ভায়েহো হাত দিয়ে আটকে লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। পেনাল্টি পায় সোসিয়েদাদ। কিন্তু জোসের স্পটকিক ফিরিয়ে দেন থিবো কোর্তোয়া।
সোসিয়েদাদ এগিয়ে যায় ৫৭তম মিনিটে। হেডে জাল খুঁজে নেন ইয়োসেবা সালদুয়া।
৬৭তম মিনিটে ব্যবধান বাড়ায় সোসিয়েদাদ। এবার গোল করেন আনদের বাররেনেচেয়া।
৩৭ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জিদানের দল।
রোববার অন্য ম্যাচে গেতাফের মাঠে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। আগেই লিগ শিরোপা ঘরে তোলা এরনেস্তো ভালভেরদের দলের ৩৭ ম্যাচে ২৬ জয় ও আট ড্রয়ে পয়েন্ট ৮৬।
