নাথুরামকে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী বলে বিতর্কে‌ কমল হাসান

আপডেট : ১৩ মে ২০১৯, ০৩:০১ পিএম

রোববার শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা। তার মাঝেই বড়সড় বিতর্ক তৈরি করলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা–রাজনীতিবিদ কমল হাসান। তার মন্তব্য নিয়ে আলোচনা চলছে দেশটির রাজনীতির অলি-গলিতে।

নির্বাচনী প্রচার সভায় তিনি মন্তব্য করেন, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। আর সে হলো মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে।

এই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কারণ বিজেপি তথা এনডিএ সরকার হিন্দুত্ব নীতি সারা দেশে ছড়িয়ে দিতে চায়। এমনকি এই নীতির ওপর ভর করে ভোটে জিততে চায় তারা। এই প্রক্রিয়ার সমালোচনা করতে গিয়ে মন্তব্য করেছেন মাক্কাল নিধি মায়াম দলের প্রধান কমল হাসান।

তবে এখানেই থেমে থাকেননি কমল হাসান। ব্যাখ্যা দিয়ে বলেন, “স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। আর তার নাম হলো নাথুরাম গডসে। এখানে বৃহৎ সংখ্যক মুসলিম জনসংখ্যা আছে বলে আমি এই কথা বলছি না। আমি এখানে এই কথা বলছি গান্ধীজির মূর্তির সামনে দাঁড়িয়ে আছি বলে।”

কমল আরও বলেন, “একজন সত্যিকারের ভারতীয় সাম্যবাদে বিশ্বাসী হন এবং তিনি চান তেরঙা অটুট থাকুক। আমি একজন ভালো ভারতীয় নাগরিক। আর গর্বের সঙ্গে তা বিশ্বাস করি।”

অবশ্য কমল হাসানের এই দৃষ্টিভঙ্গি বেশ আগেই ‘হে রাম’ সিনেমায় দেখা গেছে। দুই দশক আগে সিনেমাটি বেশ বিতর্ক তোলে ভারতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত