এমপির ইফতারিতে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছুরিকাহত

আপডেট : ১৩ মে ২০১৯, ০৪:৫৬ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইফতার সামগ্রী বিতরণকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লামচর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজ পাটোয়ারী গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেছে।

রামগঞ্জ উপজেলার রসুলপুর বেড়ি বাজারে রোববার বিকেলে স্থানীয় এমপির সৌজন্যে দেয়া ইফতার সামগ্রী বিতরণকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের ব্যক্তিগত তহবিল থেকে রবিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দুস্থ পরিবারের লোকদের ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এমপি সাহেব মঞ্চ থেকে নেমে যাওয়ার কিছুক্ষণ পরেই ইফতারি বণ্টনকে কেন্দ্র করে স্থানীয় দাসপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সমর্থক আনোয়ারের সাথে লামচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজ পাটোয়ারীর হাতাহাতির ঘটনা ঘটে।

ইফতারের পর আনোয়ার ও মাহফুজ পাটওয়ারীর লোকজন বেড়িবাজার এলাকায় জড়ো হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মাহফুজ পাটওয়ারীর পেটে কে বা কারা ছুরিকাঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে। এ সময় তার চিৎকার শুনে এগিয়ে এসে লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বারবার চেষ্টা করেও আনোয়ার হোসেনের বক্তব্য না পাওয়া গেলেও আনোয়ারের ভাই ফরহাদ হোসেন বলেন, ইউপি কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণের সময় মাহফুজ এবং তার লোকজনে আমার ভাই আনোয়ারকে মারধর করে। তবে ছুরিকাঘাতের ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, সৃষ্ট ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত