রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির তিন নারী সদস্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ চার্জশিট গ্রহণ করেন এবং দুজনকে অব্যাহতি দেন। আগামী ১৬ জুন মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
যাদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করা হয়েছে তারা হলেন- জেএমবির অন্যতম সমন্বয়ক তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, নুরুল ইসলাম ওরফে মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি ও বাশারুজ্জামান ওরফে চকলেটের স্ত্রী শায়লা আফরিন। মামলা থেকে অব্যাহতিপ্রাপ্ত দুই আসামি হলেন- মৃত তানভীর কাদেরী ও শাহানাজ বেগম ওরফে শাহনাজ পারভীন।
মামলার নথি থেকে জানা যায়,২০১৬ সালের ১০ সেপ্টেম্বর আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে একজন নিহত হন। এ সময় এ তিন নারী জঙ্গিকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। অভিযান চালাতে গিয়ে নারী জঙ্গিদের ছুরিকাঘাত ও মরিচের গুঁড়ায় সেদিন পাঁচ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিটের উপপরিদর্শক দেলোয়ার হোসেন লালবাগ থানায় একটি মামলা করেন। ২০১৭ সালের ১০ ডিসেম্বর কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মো. আহসানুল হক তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
