স্বর্ণ চোরাচালান: হাবিবুর রহমানের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ১৩ মে ২০১৯, ০৭:৩৯ পিএম

স্বর্ণ চোরাচালানের দায়ে হাবিবুর রহমান নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হাবিবুর আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

হাবিবুর গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মারতা গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি দুপুরে ব্যাংকক থেকে থাই এয়ারলাইনসের একটি বিমানে করে হাবিবুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার পর কাস্টমস কমিশনার মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি দল তার কাছে কোনো স্বর্ণ বা অবৈধ কিছু আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এরপর তাকে তল্লাশি করলে হাঁটুর পেছনে আটকানো ২৮ পিস, প্যান্টের মধ্যে ৬ পিস, ঘাড়ে ঝোলানো ব্যাগের ভেতর একপিস মোট ৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন সাড়ে ৩ কেজি।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা আছর উদ্দিন রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে হাবিবুরের বিরুদ্ধে একটি মামলা করেন। ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হাবিবুর। ওই বছরের ১৭ এপ্রিল আসামি হাবিবুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত