যে অনুপ্রেরণায় ‘মুক্তা পানি’র বিজ্ঞাপনে সিয়াম

আপডেট : ১৩ মে ২০১৯, ০৮:৪৮ পিএম

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদকে ইদানীং দেখা যাচ্ছে নতুন একটি বিজ্ঞাপনে। যেখানে তিনি হাজির হয়েছেন একজন প্রতিবন্ধী হিসেবে।এই বিজ্ঞাপনটি ‘মুক্তা পানি’র বিজ্ঞাপন। এটি পরিচালনা করেছেন রবীন খান। সরকারি এই কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত সিয়াম।

দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘কয়েক মাস আগে বিজ্ঞাপনটির শুটিং করেছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ হতে পেরে আমার খুবই ভালো লেগেছে।’

সিয়াম জানান, পূর্বাচল ও গাজীপুরে ‘মুক্তা পানি’র ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। একজন প্রতিবন্ধী হিসেবে নিজেকে উপস্থাপন করার বিষয়ে জানতে চাইলে সিয়াম বলেন, ‘‘এ কাজটা শুধু কাজের জন্য করা না। দায়িত্ববোধ থেকে করা। কাজটা করার আগে বেশ প্রস্তুতি নিয়েছি। ‘মুক্তা পানি’র ফ্যাক্টরিতে গিয়ে দেখেছি তারা কী কী প্রবলেম ফেইস করেছে। তারা কীভাবে কাজ করে। আমি নিজেও ওদের সঙ্গেও কাজ করেছি। পরে সেটা রেকর্ড করা হয়।’’

তিনি আরও বলেন, ‘এটা ভালো লেগেছে যে ওরা কারও সাহায্য না নিয়ে, কারও জন্য অপেক্ষা না করেই নিজেদের কাজটা নিজেরা করছে। এটা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি মনে করি ওদের কাজের প্রতি সম্মান জানিয়ে মুক্ত পানি সবারই ব্যবহার করা উচিত।’

image

গাজীপুরে অবস্থিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয় মুক্তা পানির প্রকল্প। এর বিশেষত্ব হলো এ কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে। এর পানি মাটির ভেতর থেকে তুলে আনা হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুক্তা পানি ব্যবহার করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ছোটপর্দা দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও ‘পোড়ামন-২’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর মুক্তি পায় ‘দহন’, ‘ফাগুন হাওয়া’। সিয়াম এখন প্রস্তুতি নিচ্ছেন তার নতুন ছবি ‘শান’-এর জন্য। এরপরই তিনি শুরু করবেন ‘বিশ্ব সুন্দরী’ ছবির কাজ। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ ছবিতে রয়েছেন পরী মনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত