সানি দেওলের ওপর ক্ষোভ গ্রামবাসীর, খুশি কংগ্রেস

আপডেট : ১৪ মে ২০১৯, ০১:০১ পিএম

পাঞ্জাবের গুরদাসপুরে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন সানি দেওল। তার প্রচারে সেলফি তুলতে দেখা যাচ্ছে কংগ্রেস সমর্থকদেরও। তাদের বক্তব্য, ‘বিজেপি প্রার্থী পরে, আগে তো আমাদের সান্নি পাজি।’ বলা যাচ্ছে, সানি দেওলকে প্রার্থী করার চালে শতভাগ সফল বিজেপি।

তবে সানির গ্রামের চিত্র একেবারেই ভিন্ন। অমৃতসরের কংগ্রেস মেয়র করমজিৎ সিং সান্ধু রিন্টু বলেন, “আমাদের কাছে সানি কোনো ফ্যাক্টর নয়। উল্টো তাকে প্রার্থী করে আমাদের সুবিধাই হয়েছে। এমনিতেই ওখানে দু’বছর আগের বাই ইলেকশনে আমরা প্রায় দু’লাখ ভোটে জিতেছিলাম। এবার তা বাড়বে আরও। বরং সানিকে প্রার্থী করে ওর গ্রামের এলাকা ফতেহগড় সাহিব কেন্দ্রে আমাদের সুবিধা হলো।”

কারণ নিজেদের গ্রামে তোপের মুখে পড়েছেন দেওল পরিবার। গ্রামবাসীর ভাষায়, তারা কোনো উন্নয়নে অবদান রাখেননি।

গ্রাম প্রধান বলছেন, “২০১৩ সালে ধরম পাজির (সানির বাবা ধর্মেন্দ্র) কাছে মুম্বাই গিয়েছিলাম। তাকে দিওয়ালিতে গ্রামে আসার দাওয়াত করতে। উনি এলেন। গ্রামে ওদের আড়াই একরের ওপর জমি পড়ে আছে। ওখানে একটা স্টেডিয়াম বানানোর প্রস্তাব দিই। রাজি হননি। তিন বছর বাদে এক আত্মীয়কে ওই জমি বেচে দেন।”

আরও বলেন, “তিন বছর বয়সে মা-বাবার সঙ্গে উনি গ্রাম ছাড়েন। তারপর ওই ২০১৩ সালে একবার এসেছিলেন। তার ছেলেরা তো কখনো গ্রামে পা-ই দেয়নি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত