১৭ বছর পর ক্লে কোর্টে মুখোমুখি সেরেনা-ভেনাস

আপডেট : ১৪ মে ২০১৯, ০২:২৪ পিএম

ইতালিয়ান ওপেনে প্রথম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন দুই বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়াম। দ্বিতীয় রাউন্ডেই একে-অপরের মুখোমুখি হচ্ছেন তারা।

ক্লে কোর্টের এই প্রতিযোগিতায় সোমবার সুইডেনের রেবেকা পিটারসনকে সরাসরি ৬-৪, ৬-২ গেমে হারান দশম বাছাই সেরেনা। ভেনাসের জয়টি ছিল ঘাম জড়ানো। এলিসে মের্টেন্সকে ৭-৫, ৩-৬, ৭-৬ গেমে হারান তিনি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবেন সেরেনা-ভেনাস। ইউরোপের ক্লে কোর্টের লড়াইয়ে গত ১৭ বছরের মধ্যে এটাই হবে তাদের প্রথম লড়াই।

ক্লে কোর্টে সবশেষ তারা মুখোমুখি হয়েছিলেন ২০০২ সালের ফরাসি ওপেনের ফাইনালে। তাতে ভেনাসকে হারিয়ে শিরোপা জিতেছিলেন সেরেনা। আর রোম ওপেনে তাদের প্রথম ম্যাচ ছিল ১৯৯৮ সালে, কোয়ার্টার-ফাইনালে। তাতে জয় পেয়েছিলেন ভেনাস।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছেন এই দুইবোন। এর মধ্যে ১৮ বার জয় পেয়েছেন সেরেনা, ১২ বার জয় ভেনাসের। এই লড়াই নিয়েও রোমাঞ্চিত তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত