বেতন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৪ মে ২০১৯, ০৭:২০ পিএম

আশুলিয়ায় নির্দিষ্ট সময়ে বেতন, বোনাস ও ওভারটাইম পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ে আন্দোলন করতে গিয়ে তৈরি পোশাক শ্রমিক ও কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার স্প্রিং ট্রেডার্স লিমিটেড নামক কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রতি মাসেই কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত তারিখে বেতন পরিশোধে গড়িমসি করে বিলম্ব করে। তাই গত কয়েক দিন ধরেই সময়মতো বেতন ও ওভারটাইম পরিশোধ, অবৈধ শ্রমিক ছাঁটাই বন্ধ ও ঈদ বোনাস প্রদানসহ ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। কারখানা কর্তৃপক্ষ গত সপ্তাহে শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাইলেও এখনো আলোচনায় বসেনি। বাধ্য হয়ে শ্রমিকরা গত সোমবার এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে মালিকপক্ষ। অভিযোগের ভিত্তিতে ওই রাতে পুলিশ বেশ কিছু শ্রমিকের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে প্রশাসনিক কর্মকর্তার কাছে পুলিশি অভিযোগের বিষয়ে জানতে চায়। এ সময় কারখানার কর্মকর্তাদের সাথে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার দাস জানান, শ্রমিকদের সঙ্গে কারখানার স্টাফদের সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বেশ কিছু দিন ধরেই ওই কারখানাটির মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের অসন্তোষ চলছিল। এ ঘটনার পর মালিকপক্ষ থানায় একটি অভিযোগ করলে তার জেরে সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া যে কোন ধরনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত